আগের রাতেই অভিযোগের পাহাড়
- জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
- লাইলাতুল গুজব চলছে : জামায়াত আমির
ভোটের আগের দিন ও রাতে কয়েকটি এলাকায় বিপুল অঙ্কের টাকাসহ প্রার্থীদের কয়েকজন সমর্থককে আটকের ঘটনা ঘটেছে। রাতে রাজধানীসহ কিছু এলাকায় ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের কালীগঞ্জের একটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টের স্বাক্ষর করা ফাঁকা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বরগুনায় রাতেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট দেওয়াসহ ১২৭টি অভিযোগ এনেছে বিএনপি। অন্যদিকে জামায়াত বলছে, তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। আর জামায়াতের জোটসঙ্গী এনসিপি বলেছে, বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে। গতকাল বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভোট কিনতে এই টাকা বেলাল বহন করছিলেন বলে অভিযোগ উঠলেও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এই টাকা বেলাল তাঁর ব্যবসার কাজে নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে গতকাল রাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করে কোস্ট গার্ড।
এ ছাড়া কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াত নেতা, চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। টাকাগুলো এক স্বতন্ত্র প্রার্থীর বলে জানা গেছে। লক্ষ্মীপুরে ভোট কিনতে বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতের আমির ভোট কেনার অভিযোগে জনতার ধাওয়া খেয়েছেন। শরীয়তপুরের নড়িয়ায় সাত লাখ ২০ হাজার টাকাসহ জামায়াতকর্মীকে আটক করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, ১২৭টি বিষয় সামনে এসেছে, যা কিছু ঘটছে তা নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে। এটা অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, সবাই কেন্দ্র পাহারা দেবেন, ভোটের ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন। গতকাল রাতে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হলো, এটা তাঁর ব্যবস্যার টাকা। কিন্তু যাঁকে আটক করা হলো তিনি কোনো ব্যবসায়ী নন, তাঁর আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি তিন হাজার টাকা আয়কর দিয়েছেন। সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যিনি ব্যবসায়ী নন, তাঁর কাছে ৭৪ লাখ টাকা পাওয়া যায় কেন?
লাইলাতুল গুজব চলছে—জামায়াত আমির : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত রাতে এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এসব গুজবকে পাত্তাই দেবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’
ভোটকেন্দ্রে যান, অনিয়ম দেখলে প্রতিবাদ করুন, কাজ না হলে প্রতিরোধ—এনসিপির আহ্বায়ক নাহিদ : গত রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সবাই ভোটকেন্দ্রে যাবেন। কোনো ধরনের অনিয়ম দেখলে প্রতিবাদ করবেন। কাজ না হলে প্রতিরোধ করবেন।
অন্যদিকে এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।
ঝিনাইদহে ফাঁকা ২৩টি রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই : ঝিনাইদহ-৪ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। রেজাল্ট শিট জব্দের পর ওই ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা কালের কণ্ঠকে বলেন, ‘এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছিলেন।’
রাতে বরগুনায় রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ : বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে গত রাতেই রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। বিষয়টি বুঝতে পেরে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। গত রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রিজাইডিং অফিসারের নাম মাওলানা ইলিয়াস হোসাইন। তিনি গুদিঘাটা কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত।
ঢাকা-৫ ও ঢাকা-১৯ আসনে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ : এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গত রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-৫ ও ঢাকা-১৯ আসনে কেন্দ্র দখল ও ভাঙচুরের চেষ্টা করেছেন।
সৈয়দপুরে ৭৪ লাখ টাকাসহ ধরা জামায়াত নেতা : আমাদের সৈয়দপুর প্রতিনিধি জানান, সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়। ভোটের আগে বিপুল অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। অভিযোগ উঠেছে, ভোটারদের মাঝে বিলি করার জন্যই এত অর্থ নিয়ে যাচ্ছিলেন বেলাল। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, সব মিলিয়ে উদ্ধারকৃত অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বেলালকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তাঁর ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে—এমন গোয়েন্দা তথ্যে তাঁকে আটক করা হয়। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। তবে তাঁকে আটক করা হয়নি। আটকের পর বেলাল বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়। তিনি শিক্ষকতা করেন। তিনি জানিয়েছেন, এটা তাঁর ব্যবসার টাকা। জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, তাঁর (বেলাল উদ্দিন) বুকে ব্যথা হচ্ছিল। তখন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ ঘটনার বিষয়ে বলেছেন, জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে।
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক : কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, গত রাত ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কাজল মৃধাকে (৪০) আটক করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম।
রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকে তাঁকে বিএনপি নেতা বলে দাবি করেন। তবে কাজল মৃধা তাঁর ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উল্লেখ করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক : কুমিল্লা প্রতিনিধি জানান, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দিতে গতকাল সকালে দুই লাখ টাকাসহ জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে আটক করা হয়েছে। তিনি ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির। তিনি উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। স্থানীয়রা জানিয়েছে, ভোটারদের মধ্যে হাবিবুর রহমান হেলালী টাকা বিতরণ করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাঁকে আটক করে প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এক হাজার টাকার দুটি বান্ডেলে দুই লাখ টাকাসহ হেলালীকে আটক করে মুরাদনগর থানায় নেওয়া হয়। হেলালী বলেন, নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। তাঁর গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে তাঁকে ফাঁসানো হয়েছে।
লক্ষ্মীপুর-৩ : কৃষক দল নেতা ১৫ লাখ টাকাসহ আটক, পরে মুক্ত : লক্ষ্মীপুর প্রতিনিধি জানিয়েছেন, লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির এক কর্মীকে ১৫ লাখ টাকাসহ আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
কমিটির সদস্য লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিমা আক্তার নওরিন বলেন, রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়িতে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে যাচাই-বাছাই শেষে ওই টাকাসহ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এক ভিডিও বার্তায় এ্যানি বলেছেন, কেন্দ্রে কেন্দ্রে তাঁর এজেন্টদের খরচের জন্য এই টাকা পাঠানো হয়েছে।
এ্যানির প্রধান নির্বাচনী সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জামায়াতের বিরুদ্ধে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে টাকাসহ ঘর নির্মাণ করে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
চট্টগ্রামের চান্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ : চান্দনাইশ প্রতিনিধি জানান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ১০ লাখ ৪৯ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারি হাট থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খাঁন বলেন, রাত ১২টার দিকে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। জব্দ টাকাগুলো স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর।
সিরাজগঞ্জে জামায়াত নেতা, গোদাগাড়ীতে আরেক নেতা ঘেরাও : রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক ও সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ভোট কেনা ঠেকাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকরা পাহারাও বসায়। তবু গত দুই দিনে বিভিন্ন এলাকায় ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার ভোট কেনার অভিযোগে জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন। বুধবার সকালে ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অস্বীকার করে জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের বিভিন্ন খরচ দিতে হয়। এটি সেই খরচের অর্থও হতে পারে। ভয়ে হয়তো তিনি দৌড় দিয়েছেন। ভোট কেনার অভিযোগ সঠিক নয়। এদিকে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের আলিপুরে উপজেলা জামায়াতের আমির নোমান আলী স্থানীয়দের তোপের মুখে পড়েন। তিনি রাতে এলাকায় ভোট কেনার উদ্দেশ্যে টাকা নিয়ে গিয়েছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করে। এলাকাবাসী তাঁকে ঘেরাও করলে উত্তেজনা সৃষ্টি হয়। নোমান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন কর্মীকে গাড়িতে করে ওই এলাকায় পৌঁছে দিতে গিয়েছিলাম। ভুল-বোঝাবুঝির কারণে গাড়ি আটকে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জামালপুরে তিনজনের কারাদণ্ড : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে চর গোলাবাড়ী দক্ষিণ পাড়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে গতকাল তিনজনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ জামায়াতকর্মী আটক, ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড : শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী গোলাম মোস্তফাকে সাত লাখ ২০ হাজার টাকাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
পটুয়াখালী : পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে সৈয়দ কামাল হোসেন নামের এক জামায়াতকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল বিকেলে উপজেলার কিসমত রামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আটক সৈয়দ কামাল হোসেনের বাড়ি উপজেলার মাধবখালী ইউনিয়নের মীরাবাড়ি এলাকায়। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
বগুড়া : বগুড়া-৬ (সদর) আসনে একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে শহরের ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাসিরুল ইসলাম। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আগের* রাতেই,অভিযোগ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: