ফরিদপুরে ডিবি পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মি র মৃত্যু; ওসি প্রত্যাহার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার দুই দিনের মাথায় ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। নির্দেশে বলা হয়, তাকে দুপুর ১টার মধ্যে পুলিশ লাইনসে রিপোর্ট করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত রোববার সকালে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (ছাত্রলীগ কর্মী) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার বিকেলে তাকে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়।
ঘটনার পরপরই রোববার পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনসহ সার্বিক বিষয় তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, ওসি প্রত্যাহারের বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসার পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুরে*ডিবি,পুলিশ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: