ফের বাড়তি সুবিধা? মেসির রেকর্ড গড়া গোল নিয়ে প্রশ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ কিংবা এফএ কাপ ফুটবল দুনিয়ায় যেখানেই চোখ রাখা যাক না কেন, ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’ বা ভিএআর যেন প্রতি সপ্তাহেই নতুন কোনো বিতর্কের জন্ম দিচ্ছে। এবার তো মঞ্চটা আরও বড়, ১০৪ ম্যাচের মহাকাব্যিক ফিফা বিশ্বকাপ!
বিশ্বকাপের বড় ম্যাচগুলোর প্রধান প্রধান বিতর্কিত ঘটনা, ভিএআর প্রোটোকল এবং ইএসপিএন-এর চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের একটি বহুল আলোচিত ঘটনা।
সেদিন মাঠে লিওনেল মেসি যখন নিজের রেকর্ড ভাঙা বিশ্বকাপ গোলটি উদযাপন করছিলেন, তখন অস্ট্রিয়া শিবিরের চোখে-মুখে ছিল চরম হতাশা আর ক্ষোভ। তাদের দাবি ছিল, গোলের ঠিক আগের মুহূর্তে বিল্ড-আপে অস্ট্রিয়ান ডিফেন্ডার জাভার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর সেই ফাউল থেকেই মূলত বল কেড়ে নিয়ে গোলটি পায় আর্জেন্টিনা। তবে মাঠে থাকা মূল রেফারি অস্ট্রিয়ার সেই আবেদন নাকচ করে গোলের বাঁশি বাজান।
অন-ফিল্ড রেফারির দেওয়া গোলের সিদ্ধান্তটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে ভিএআর এবং এটিকে সম্পূর্ণ সঠিক গোল হিসেবে ঘোষণা করে।
গোল হওয়ার আগের অ্যাটাকিং ফেজটি (আক্রমণের মুহূর্ত) অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে ভিএআর প্যানেল। তারা নিশ্চিত হন যে, গোলের বিল্ড-আপে কোনো ফাউল হয়নি। ম্যাক অ্যালিস্টার এবং শ্লাগারের মধ্যকার শারীরিক সংঘর্ষটিকে মাঠের রেফারির কোনো ‘স্পষ্ট ভুল’ হিসেবে বিবেচনা করা হয়নি।
আর তাই মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউ (পিচসাইড মনিটর দেখার) দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি ভিএআর।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এর মতে, ম্যাক অ্যালিস্টার ও শ্লাগারের মধ্যকার সেই ধাক্কাধাক্কিতে ভিএআর হস্তক্ষেপ না করে একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ, ঘটনাটি আদৌ ফাউল ছিল কিনা, তা নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে।
সংঘর্ষের মুহূর্তে অস্ট্রিয়ান খেলোয়াড় শ্লাগারের পা মাটিতে শক্ত অবস্থানে ছিল না। বরং তার নিজের শরীরী মুভমেন্ট এবং ভরবেগই ম্যাক অ্যালিস্টারের দিকে ধাবিত হয়েছিল, যা আলটিমেটলি এই শারীরিক সংঘাতের অন্যতম কারণ।
চলতি বিশ্বকাপে ভিএআর-এর হস্তক্ষেপের ন্যূনতম সীমা বেশ উঁচুতে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মাঠের রেফারিং দল যখন একবার ঘটনাটিকে ফাউল না বলে ইশারা করেছে, তখন শতভাগ নিশ্চিত কোনো ভুল প্রমাণ না পাওয়া পর্যন্ত ভিএআর-এর পক্ষে গোল বাতিলের সুপারিশ করার কোনো নিয়ম নেই।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: