• ঢাকা
  • বুধবার, ২৫ ফেরুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বেড়িবাঁধের গাছ কাটায় মামলা, বিএনপি নেতার সব পদ স্থগিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩০ পিএম;
বেড়িবাঁধের গাছ কাটায় মামলা, বিএনপি নেতার সব পদ স্থগিত

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা প্রায় ১০ থেকে ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় মামলাটি করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে গাছ কাটার ঘটনা ঘটলেও ‘চুরি’ অভিযোগে মামলা দিয়ে প্রকৃত ঘটনা ও জড়িতদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে এলাকায় নদীভাঙন রোধে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে এসব গাছ পরিবেশ সংরক্ষণ ও বাঁধ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, স্থানীয় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে যাতায়াতে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছ কেটে পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও জানান তারা।

উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ঘটনা জানার পর একটি স-মিলে খোঁজ নিয়ে জানতে পারি আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তি গাছগুলো সেখানে নিয়ে এসেছিল। তাই তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছি। দিনের বেলায় প্রকাশ্যে গাছ কাটার পরও কেন চুরির মামলা—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও কেউ জড়িত আছে কি না জানা যাবে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, উপজেলা প্রকৌশলী বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করেছে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, আমি কেন গাছ কাটবো? আমার কোনো প্রয়োজন নেই। জায়গা ও গাছগুলো সরকারি নয়। প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। বেড়িবাঁধ সরকারি বা অধিগ্রহণকৃতও না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন