• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে, স্ক্রিনশট ফাঁস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩২ পিএম;
বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে, স্ক্রিনশট ফাঁস

কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে দোকানপাট ও বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে। ঘুষ লেনদেনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পৌর শহরের কমলপুর এলাকায় মনির কন্ট্রাক্টরের বাড়ি ও দোকানপাট দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার লোকজন। খবর পেয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও হাবিবুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক থানায় যোগাযোগ করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময়ক্ষেপণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এলেও রহস্যজনকভাবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

অভিযোগ রয়েছে, পুলিশ যেন ঘটনাস্থলে এসে হামলায় বাধা না দেয়, সেজন্য প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার পক্ষ থেকে ওসির সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে ওই দিনই বিকেল ৪টা ১২ মিনিটে মুর্শেদ মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ওসি মাহবুবুর রহমানের ব্যক্তিগত বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা ‘সেন্ড মানি’ করা হয়। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে লেনদেনের ট্রানজেকশন আইডি হিসেবে DJ32CPB40Q উল্লেখ দেখা যায়।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া জানান, সর্বস্ব হারিয়ে তারা থানায় মামলা করতে গেলে ওসি মামলা গ্রহণে অস্বীকৃতি জানান। প্রায় এক সপ্তাহ থানার দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে বিচার চেয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এই নম্বরে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলেও কোনো লেনদেন করা হয়নি। গত ৩ অক্টোবর আমার নম্বরে কে বা কারা টাকা পাঠিয়েছে, তা আমি এখনো দেখিনি। আমার বিরুদ্ধে আনীত ঘুষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ জানান, ‘বিকাশে টাকা লেনদেনের বিষয়টি আমরা শুনেছি। নির্দিষ্ট অভিযোগ পেলে বিকাশ কল সেন্টার থেকে আনুষ্ঠানিক স্টেটমেন্ট এনে বিষয়টি যাচাই-বাছাই করা হবে। তদন্তে ওসির নম্বরে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন