• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

তেহরানে ‘আগুনের নদী’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৩ এএম;
তেহরানে ‘আগুনের নদী’
মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ

তেহরানে ‘আগুনের নদী’

  • ইরানের তেলের ডিপোতে হামলা
  • যুদ্ধ ‘বিপজ্জনক পর্যায়ে’ : ইরান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত
  • তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের
  • সৌদিতে বাংলাদেশি নিহত

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলের হামলা নতুন ধাপে প্রবেশ করেছে। যুদ্ধের শুরু থেকে ইরানের বিভিন্ন সামারিক স্থাপনায় হামলা চালানোর পর প্রথমবারের মতো দেশটির জ্বালানিসম্পদকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল, যার মধ্যে তেহরানের জ্বালানি মজুদ কেন্দ্রও রয়েছে। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় তেহরানে জ্বালানি স্থাপনায় হামলার প্রায় ১০ ঘণ্টা পর গতকাল রবিবার সকালে শহরটির রাস্তায় পাশে ‘আগুনের নদী’ বয়ে যেতে দেখা গেছে। জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’।

পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকার এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে এসিড বৃষ্টি হওয়ার আশঙ্কা নিয়ে সতর্ক করেছে।

এদিকে সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের ওই ভবনে এ হামলার ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

 

কালের কণ্ঠ ডেস্ক ইসরায়েলে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের : ইসরায়েলে গতকাল দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা যায়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল। ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনও বাজানো হচ্ছিল।

এর মধ্যেই তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা দিয়েছিল, তারা বেয়ারশেবা ও তেল আবিব জর্দানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে, ইসরায়েলের দিকে ‘গুলিবর্ষণের’ পর ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছে। তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা তারা উল্লেখ করেনি। এ ছাড়া ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধ বিপজ্জনক পর্যায়েইরান : এদিকে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে চালানো হামলা চলমান যুদ্ধকে এক ‘বিপজ্জনক পর্যায়ে’ ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত ‘রাসায়নিক যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত : অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি। নতুন নেতা প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন। চলমান যুদ্ধের প্রথম দিনেই খামেনি নিহত হন। তবে এ খবর সামনে আসার পর পরই ইসরায়েল গতকাল আবার খামেনির প্রত্যেক উত্তরসূরিকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেছে।

চমক অপেক্ষা করছেনেতানিয়াহু : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এক ভিডিও বার্তায় বলেছেন, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ নিয়েছে এবং আরো অনেক লক্ষ্যবস্তু আমাদের নজরে আছে। নতুন চমক অপেক্ষা করছে।”

উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত : কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার গতকাল নতুন হামলার কথা জানিয়েছে। এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাওয়া সত্ত্বেও সেখানে হামলা চলছে। আক্রান্ত না হলে ইরান তার প্রতিবেশীদের ওপর আর কোনো হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছিলেন পেজেশকিয়ান। হামলা চালানোর জন্য এসব দেশের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত : ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল দক্ষিণ লেবাননে এক যুদ্ধে দুই সেনা সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রথম নিহত ব্যক্তি ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন। তবে নিহত দ্বিতীয় সেনার নাম এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি।

বৈরুতে হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪ : লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। হোটেলটিতে ইরানি কমান্ডাররা অবস্থান করছিলেন বলে দাবি ইসরায়েলের। স্থানীয় সময় রবিবার ভোররাতে বৈরুতের কেন্দ্রস্থলে রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতের কেন্দ্রস্থলে এটি ইসরায়েলি বাহিনীর প্রথম হামলা।

বাহরাইনে পানি শোধনাগারে ড্রোন হামলা : বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি ড্রোন তাঁদের একটি পানি শোধনাগার কেন্দ্রে আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মাত্র এক দিন আগেই ইরান দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের কেশম দ্বীপের একটি মিষ্টি পানি উৎপাদন কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে, যা এ ধরনের হামলার একটি বিপজ্জনক নজির তৈরি করেছে।

হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের পাল্টা হামলায় গতকাল তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত। কুয়েতের জাতীয় তেল কম্পানি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গতকাল কুয়েত সেনাবাহিনী জানায়, কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্রট্রাম্প : ইরানের সঙ্গে সংঘাতের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ চলতে থাকলে ইরানে ‘সম্ভবত’ পদাতিক সেনা পাঠানো হতে পারে, তবে সে ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত ‘যুতসই কারণ’ থাকতে হবে। একই সঙ্গে ইরানে একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি। যদিও মার্কিন সামরিক তদন্তে এ হামলার জন্য মার্কিন বাহিনীকেই সম্ভাব্য দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধে কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ট্রাম্পের : ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় না যে ইরানের কুর্দি গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়াক। ট্রাম্প বলেন, ‘আমরা চাচ্ছি না কুর্দিরা এতে অংশ নিক। আপনারা জানেন কুর্দিদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু আমরা চাই না এই যুদ্ধ বর্তমানের চেয়ে আরো বেশি জটিল হয়ে উঠুক।’ সূত্র : রয়টার্স, বিবিসি, সিএনএন, আলজাজিরা

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন