আত্রাইয়ে দুস্থদের মাঝে শাড়ি ও শিক্ষার্থীদের নজরুল জয়ন্তীর পুরস্কার বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।
এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা হিসেবে সনদ ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: