• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দেড় মাসেও শুরু হয়নি নির্মাণকাজ,মাগুরার বিনোদপুর বাজারে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৫ পিএম;
দেড় মাসেও শুরু হয়নি নির্মাণকাজ,মাগুরার বিনোদপুর বাজারে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ। প্রকল্পের ঘোষণা অনুযায়ী কাজ শুরু না হওয়ায় এবং খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় ব্যবসা পরিচালনায় বাধ্য হওয়ায় এই প্রতিবাদ জানান তারা।

​শনিবার বিকেলে বিনোদপুর কাঁচা বাজারের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

​ব্যবসায়ীরা জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহান্সমেন্ট প্রোগ্রাম (WeCARE) ফেজ-১’-এর আওতায় বিনোদপুরে ৩০.৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে। প্রকল্পের অংশ হিসেবে বাজারের পুরাতন চান্দিঘরটি সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ দেড় মাস আগে তা ভেঙে ফেলার পর আর কোনো কাজের অগ্রগতি দেখা যায়নি।

​কর্মসূচিতে অংশগ্রহণকারী বণিক সমিতির সভাপতি মো. শাহিদুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকল্পের আওতায় রাস্তার কাজ চললেও বাজারের প্রাণকেন্দ্র চান্দিঘরের দিকে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। দেড় মাস আগে পুরাতন স্থাপনাটি ভেঙে ফেলায় এখন শতাধিক ব্যবসায়ী ও ক্রেতা বৃষ্টি ও রোদে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের ব্যবসার পরিবেশ বলতে এখন আর কিছু অবশিষ্ট নেই।”

​তারা আরও জানান, নির্মাণকাজ দ্রুত শুরু না হলে ব্যবসায়ীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়বেন। দ্রুত সময়ের মধ্যে চান্দিঘরের কাজ শুরু এবং ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন বণিক নেতারা।

​এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন বলেন, “কিছু নকশা বা লে-আউট সংক্রান্ত জটিলতার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। তবে আমরা দ্রুত এই সমস্যার সমাধান করছি। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই নতুন করে নির্মাণকাজ শুরু করা হবে।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন