• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম;
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পুনরায় চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ, শিশু-কিশোরদের অংশগ্রহণে গ্রামীণ বাংলার জীবনচিত্র নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে উল্লেখ করে তিনি কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিরানী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন