• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হানিট্র্যাপে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম;
হানিট্র্যাপে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

রাজধানীতে হানিট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আনোয়ার হোসেন (৪৫), বদিউজ্জামান শাহীন (৪৫), মরিয়ম (৪৯), শাহাদাত হোসেন (৫৮) ও উর্মী বেগম (৩৯)।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ জানায়, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী এক কর্মকর্তা গত ১৫ এপ্রিল ঋণসংক্রান্ত কাজে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে যান। এক নারী নিজেকে ঋণগ্রহীতা পরিচয় দিয়ে তার সঙ্গে পরিচিত হন এবং ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। পরে কয়েক দিন নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ওই নারী তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

একপর্যায়ে ওই নারী বনশ্রীর ইউনিটি হাসপাতালের সামনে দেখা করার প্রস্তাব দেন। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর আরেক নারী তাকে রিকশায় করে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে যান। অভিযোগ করা হয়, সেখানে প্রবেশের কিছুক্ষণ পর আরও চারজন এসে ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এরপর এক নারীকে সঙ্গে নিয়ে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করা হয়। পরে তার মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ অর্থ, ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জোর করে নিয়ে নেওয়া হয়।

ডিবি জানায়, চক্রের সদস্যরা ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি তার ব্যাংক হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে মোট এক লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইলও করা হয়। এ ঘটনায় গত ২২ জুন খিলগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী।

মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পর্যালোচনায় একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য আরও ভুক্তভোগী এবং চক্রটির অন্যান্য সদস্যকে শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চক্রটির অপরাধ কর্মকাণ্ডের বিস্তৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন