এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন শেষ ষোলোর ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে, তখন নরওয়ের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল একই রাউন্ড থেকে বিদায় নিয়েছে। পুরো ম্যাচটি না দেখলেও, এ নিয়ে কিছু পর্যবেক্ষণ রয়েছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির। বিশেষত তিনি ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপের গোল মিস নিয়ে কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ব্রাজিলের ফলাফল নিজের দলের জন্যও একটি সতর্কবার্তা। একইসঙ্গে তিনি মনে করেন, এন্ড্রিকের পাওয়া দারুণ সুযোগটি কাজে লাগিয়ে গোল হলে ব্রাজিল-নরওয়ে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত। এ ছাড়া আসন্ন ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনা কোন একাদশ খেলাবে, তা প্রকাশ করতে রাজি হননি স্কালোনি।
ব্রাজিল-নরওয়ে ম্যাচ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা তখন অনুশীলনে ছিলাম, আবার ঝড়ও হচ্ছিল। তাই ম্যাচের কিছুটা দেখেছি। নরওয়ে খুবই ভালো দল। গোলশূন্য অবস্থায় এন্ড্রিক যদি সেই গোলটি করত, তাহলে এখন আমরা হয়তো ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম। তারা দুর্দান্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই বাস্তবতা। আমরা সতর্ক আছি, কারণ আমরাও একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’
নরওয়ের বিপক্ষে বেশ কয়েকটি বড় সুযোগ হাতছাড়া করেছিল ব্রাজিল। তারই মাশুল গুনেছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিশ্চিত করে। শুরুর দিকে ব্রাজিল পেনাল্টি পাওয়ার পর দুর্বল শটে সেই সুযোগ হাতছাড়া করেছেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। দ্বিতীয়ার্ধে নরওয়ে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে গোলের সুযোগ ছিল এন্ড্রিকের সামনে। কিন্তু কিছুটা বিলম্বে তিনি পায়ে আলতোভাবে বল ছুঁয়ে দেওয়ার পর সেটি গোলবারের বাইরে দিয়ে যায়।
এদিকে, মিসরের বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ। স্কালোনি বলেন, ‘যারা খুব বেশি মিনিট খেলেনি, তাদের মাঠে নামানোর সুযোগ আমাদের আছে। আশা করি তারা খেলতে পারবে। তারা হয়তো আরও সতেজ থাকবে। আমাদের বেঞ্চে এমন অনেক খেলোয়াড় আছে, যারা খুব বেশি ম্যাচ খেলেনি।’
কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ (মঙ্গলবার) রাত ১০টায় আটলান্টায় মোহামেদ সালাহ’র মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। একাদশে পরিবর্তন আসলেও আর্জেন্টিনার খেলার ধরন বদলাবে না বলে জানিয়েছেন তাদের বিশ্বকাপজয়ী কোচ, ‘কৌশলগত দিক থেকে আমরা একটি ম্যাচে নানা উপায়ে খেলতে পারি। তবে আগামীকাল (আজ) যে দলটি নামবে, সেটি আমাদের স্বাভাবিক খেলার ধরনই অনুসরণ করবে। আমরা অবশ্যই খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখছি, কিন্তু শুরু থেকেই আমাদের মূল কৌশল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: