• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম;
ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে আতাউল্লাহ তারার জানান, ‘পাকিস্তান ইরানির পক্ষের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলেছে। তবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা (পাকিস্তান সময়) পর্যন্ত ‘ইসলামাবাদ শান্তি আলোচনায়’ অংশগ্রহণের বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘২২ এপ্রিল ভোর ৪টা ৫০ মিনিটে (পাকিস্তান সময়) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরানের সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।’

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘ইরান সরকারকে আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে রাজি করানোর জন্য পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং এই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।’

এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষকে ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে এবং সংলাপ ও কূটনীতিকে সুযোগ দিতে’ আহ্বান জানিয়েছেন। 

দেশটির পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকারের সাথে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, নাটালি বেকার আঞ্চলিক শান্তি রক্ষা এবং সংলাপ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাকিস্তান ও অন্যান্য মধ্যস্থতাকারীদের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধবিরতি আগামীকাল বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। এই যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় পক্ষ এর শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য-ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল। 

পাকিস্তান পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয়। বরং আবার যদি যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত।

সূত্র : ডন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন