নতুন মোড় নিচ্ছে যুদ্ধ
- মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ
- ইসরায়েলে ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের
- ইরানে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
- যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করেছে : ইসরায়েল
- স্থল অভিযান থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নতুন মোড় নিয়েছে। গতকাল শুক্রবার চলমান যুদ্ধের সপ্তম দিনে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বি-২ স্টিলথ বোম্বার ব্যবহার করে ইরানে হাজার পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েলে নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। এ ছাড়া যুদ্ধ এখন ‘নতুন ধাপে’ প্রবেশ করেছে বলে গতকাল ইসরায়েল দাবি করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযান থেকে সরে এসেছেন বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেকেশকিয়ান জানিয়েছেন, কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে।
ইসরায়েলে ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের : ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ভয়াবহ ক্লাস্টার মিসাইল দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। গত বছরের জুনে দুই দেশের মধ্যে যে সংঘাত বেধেছিল, সে সময়েও ইসরায়েলের দিকে ‘ক্লাস্টার বোমা’ ছোড়ার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে।
প্রথমবারের মতো বি-২ বিমান ব্যবহার : ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর ওপর হামলা আরো জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে লুকানো ব্যালিস্টিক মিসাইলের মজুদ রাখা লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালাতে গতকাল প্রথমবারের মতো বি-২ স্টিলথ বোম্বার ব্যবহার করেছে। লক্ষ্যবস্তুতে দুই হাজার পাউন্ডের কয়েক ডজন বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৯০০ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
যুদ্ধ নতুন ধাপে : ইসরায়েল গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে চলমান যুদ্ধ ‘নতুন ধাপে’ প্রবেশ করেছে। দেশটি বলছে, এখন থেকে ইরানের শাসনব্যবস্থার মূল অবকাঠামোকে লক্ষ্য করে আরো বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।
স্থল অভিযান থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের : ইরানে স্থল অভিযান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের স্থল অভিযান চালানোকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে ইরানের আশঙ্কার বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়।
তারা এরই মধ্যে সব হারিয়েছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়েছে; যা কিছু হারানো সম্ভব, তার সবই তারা হারিয়েছে।’ তবে গতকাল নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, শুধু নিঃশর্ত আত্মসমর্পণই গ্রহণযোগ্য।’
কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে : এক সপ্তাহ ধরে চলমান যুদ্ধের অবসানে কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। গতকাল ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।
হামলা-পাল্টাহামলা চলছেই : তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে গতকাল সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ সপ্তম দিনে প্রবেশের সঙ্গে সঙ্গে তেহরানের আবাসিক ও বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়ও প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে ইসরায়েলি বিমানগুলো গতকাল বেকা উপত্যকার দৌরিসসহ দক্ষিণ ও পূর্ব লেবাননের শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। পাশাপাশি রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতেও হামলা চালায় তারা।
ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ‘বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে’ হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলের বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
কুয়েতে মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলা : ইরানের সশস্ত্র বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে। এতে ওই ট্যাংকারে আগুন ধরে যায়। ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা ‘খতম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিওর প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং এটি জ্বলছে।
৬ ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস : ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে ছয়টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরো দাবি করেছে, তারা ইরানের তিনটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ‘হয়তো নির্বাচিত’ : ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া বিশেষজ্ঞ পরিষদের আট সদস্য বয়কট করেছেন বলে যে খবর ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি। তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা হয়তো এরই মধ্যে নির্বাচন করা হয়েছে, তবে এখনো তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তেহরান থেকে তিনি আলজাজিরাকে বলেন, ‘পরবর্তী নেতার জীবন রক্ষা করা খুবই যুক্তিসংগত। এটি একটি খুবই যুক্তিসংগত নিরাপত্তা প্রটোকল।’ পশ্চিমাঞ্চলে কিভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করা যায় তা নিয়ে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে বলে যে খবর বেরিয়েছে তা-ও উড়িয়ে দিয়েছেন অধ্যাপক খারাজমি। তিনি বলেন, বাস্তবে কুর্দিরা ইরানের পক্ষেই রয়েছে।
ইরানে ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা : মার্কিন-ইসরায়েলি হামলার মুখে থাকা ইরান জানিয়েছে, তারা ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম ফের চালু করবে। ঘোষণা অনুযায়ী, তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী দপ্তরে রবিবার থেকে ২০ শতাংশ কর্মী সরাসরি কর্মস্থলে থেকে কাজ করবেন। ঘোষণায় আরো বলা হয়েছে, প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি কাজ করবেন। কিছু ব্যাংক খোলা থাকবে।
জর্দানে ড্রোন হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর : জর্দানে একটি ‘গুরুত্বপূর্ণ’ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তারা বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার সকালে আলজাজিরা অ্যারাবিক জানায়, জর্দানের আকাবা শহরে বিমান হামলায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত : মধ্যপ্রাচ্যে শনিবার থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শ দুয়েক শিশুর প্রাণ ঝরেছে বলে জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি বলেছে, তাদের মধ্যে ইরানে মারা গেছে অন্তত ১৮১ জন, লেবাননে সাতজন, ইসরায়েলে তিনজন এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে।
বাহরাইনে দুটি হোটেলে হামলা : বাহরাইনের রাজধানী মানামায় একসঙ্গে দুটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া সেখানকার একটি বাড়িতেও ড্রোন হামলা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোরে এ হামলা হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের আগ্রাসী হামলা রাজধানী মানামার দুটি হোটেল এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কোনো প্রাণহানি হয়নি।’
বিশ্ব অর্থনীতি ধ্বংসের আশঙ্কা কাতারের : কাতার সতর্ক করে দিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ বিশ্বের অর্থনীতিকে ‘ধ্বংস’ করতে পারে। দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি বলেছেন, এ অঞ্চলে ইসরায়েলি-মার্কিন হামলা এবং ইরানের প্রতিশোধের ফলে কয়েক দিনের মধ্যেই উপসাগরীয় জ্বালানি রপ্তানিকারকদের সব ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছে যেতে পারে। এটি বিশ্বের অর্থনীতিকে পতনের দিকে ঠেলে দেবে।
লেবানন সীমান্তে ইসরায়েলের মন্ত্রীর ছেলে আহত : লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন। ইসরায়েলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র : রয়টার্স, বিবিসি, সিএনএন, টাইমস অব ইসরায়েল
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- নতুন*মোড়,নিচ্ছেযুদ্ধ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: