সুন্দরবন সুরক্ষায় টোয়াসের উদ্যোগে ৪ স্পটে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পূর্ব সুন্দরবনের প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কটকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 'ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস)' এই ব্যতিক্রমী উদ্যোগ পরিচালনা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "সুন্দরবনকে পরিচ্ছন্ন রাখা একা বনবিভাগের পক্ষে সম্ভব নয়। টোয়াসের এই উদ্যোগ বনের পরিবেশ সুরক্ষায় অত্যন্ত প্রশংসনীয়। মূলত সাগরের জোয়ারে ভেসে আসা বর্জ্য এবং জেলেদের ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী পর্যটন কেন্দ্রগুলোকে দূষিত করে ফেলে, যা দ্রুত অপসারণ করা জরুরি।"
অনুষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয়তা ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য দেন টোয়াস-এর সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি। তিনি জানান, তিন দিনব্যাপী এই কর্মসূচিতে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, আন্ধারমানিক ও করমজল—এই চার প্রধান পর্যটন কেন্দ্রে অভিযান চালানো হবে। এ কার্যক্রমে টোয়াসের ৬৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। প্রথম দিনের অভিযানে কটকা এলাকা থেকে বিপুল পরিমাণ অপচ্য প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।
টোয়াস সেক্রেটারি আরও উল্লেখ করেন, করমজল ছাড়া বাকি তিনটি স্পটে বছরে ৪৩ হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। ফলে বনের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু, টোয়াস-এর সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মোঃ ইমরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সুন্দরবন সুরক্ষা
- টোয়াসের উদ্যোগে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: