পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ
লিটু পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিন্যান্স ক্লাবের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাছান উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও অর্থনৈতিক দক্ষতার যুগ। কেবল পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞান দিয়ে বিশ্বমঞ্চে টিকে থাকা সম্ভব নয়। ফিন্যান্স এমন একটি ক্ষেত্র, যা প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং আমাদের ব্যক্তিগত জীবনের মূল চালিকাশক্তি। ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, টিমওয়ার্ক এবং প্রবলেম সলভিং স্কিল তৈরি করবে। এর মাধ্যমে ভবিষ্যতের চাকরির বাজারে তারা কয়েক ধাপ এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টায় টিএসসি কনফারেন্স কক্ষে বিজনেস ক্লাবের উদ্যোগে ‘বিজনেস উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়।
বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী অরিয়া আফরোজ ও তালহা রশিদ আদরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. আতিকুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন সরকার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের ‘ব্রিলিয়ান্স বিকন অ্যাওয়ার্ড’ ও ‘ডিন মেরিটস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: