• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা মামলায় এজাহারভূক্ত এক আসামী গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৮ পিএম;
আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা মামলায় এজাহারভূক্ত এক আসামী গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে খুন হওয়া কলেজ ছাত্র সুমন শেখ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (০৫ জুলাই ২০২৬) ভোররাত ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বেলা ১২টার দিকে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম কবির শেখ (৫৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত হাকি শেখের ছেলে এবং এই হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামী।

​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন সন্ধ্যা ৬টার দিকে বড়ভাগ পূর্বপাড়া এলাকায় প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সুমন শেখকে। নিহত সুমন বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর এম এ খালেক ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পরদিন নিহতের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

​হত্যাকাণ্ডের পর থেকে কোনো আসামী গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। কবির শেখের গ্রেফতারের মধ্য দিয়ে সুমন হত্যা মামলায় এই প্রথম কোনো আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়লো।

​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘সুমন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব দ্রুতই আমরা বাকিদেরও গ্রেপ্তার করতে সক্ষম হবো।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন