প্রতিপক্ষের কোচকে মেসি, ‘অটোগ্রাফ লাগবে নাকি’
শান্ত স্বভাবের আড়ালে থাকা লিওনেল মেসিকে নতুন করে দেখল ফুটবল ভক্তরা। ডার্বি ম্যাচে জয়ের পর অরল্যান্ডো সিটি কোচের চিৎকার থামিয়ে দিতে মেসি ব্যবহার করলেন স্রেফ একটি বাক্য। বিদ্রুপের হাসি হেসে মেসি অস্কার পারেজাকে জিজ্ঞেস করলেন, ‘অটোগ্রাফ লাগবে নাকি?’ মাঠের উত্তাপকে এক নিমিষেই তুচ্ছতাচ্ছিল্যে রূপ দেওয়া মেসির এই ‘স্টোন-কোল্ড কিলার’ রূপ এখন আলোচনার কেন্দ্রে।
ম্যাচের শুরু থেকেই অরল্যান্ডো সিটি কোচ অস্কার পারেজা রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন। বেশ কিছু কড়া ট্যাকল রেফারি এড়িয়ে যাওয়ায় সাইডলাইনে মেজাজ হারান পারেজা। ম্যাচ চলাকালীন সময়ে কয়েকবার মেসির সঙ্গে তার বাক্যবিনিময় হতেও দেখা যায়। কিন্তু আসল নাটকটি তোলা ছিল ম্যাচের শেষ বাঁশি বাজার জন্য।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির জয় নিশ্চিত হওয়ার পর যখন দুই দলের খেলোয়াড় ও কোচরা হাত মেলাচ্ছিলেন, তখন পুনরায় মেসির দিকে তেড়ে যান পারেজা। ভিডিও ফুটেজে দেখা যায়, পারেজা যখন ক্রমাগত অভিযোগ করে যাচ্ছিলেন, মেসি তখন কোনো রাগ না দেখিয়ে অত্যন্ত নির্লিপ্ত ও তাচ্ছিল্যের ভঙ্গিতে তার দিকে তাকান।
একপর্যায়ে ‘স্টোন-কোল্ড কিলার’ ইমেজে থাকা মেসি পারেজাকে উদ্দেশ্য করে স্প্যানিশ ভাষায় বলেন, ‘‘তুমি কি আমার অটোগ্রাফ চাও?’’ এই একটি বাক্যেই যেন আগ্নেয়গিরির মতো ফেটে থাকা পারেজা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যান।
ফুটবল বোদ্ধাদের মতে, এটি ছিল মেসির এক চরম ‘সাইকোলজিক্যাল ট্রোলিং’।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে অরল্যান্ডো কোচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘মাঠে যা ঘটে, তা মাঠেই থাকা উচিত। কিন্তু কিছু খেলোয়াড় মনে করেন তারা আইনের ঊর্ধ্বে।’’
মেসির এই ‘ব্যাড বয়’ ইমেজ দারুণ উপভোগ করছেন ভক্তরা। এক্স-এ (সাবেক টুইটার) একজন লিখেছেন, ‘‘মেসি এখন আর কাউকে পাত্তা দেন না, তিনি জানেন তিনি সেরা এবং এটাই তার উত্তর দেওয়ার ধরন।’’ অন্য একজন লিখেছেন, ‘‘অস্কার পারেজা হয়তো অভিযোগ করতে এসেছিলেন, কিন্তু মেসির এক খোঁচায় তিনি ভক্তে পরিণত হলেন!’’
দৈনিক পুনরুত্থান / স্পোর্টস ডেস্ক
- বিষয়:
- লিওনেল মেসি
- ইন্টার মায়ামি সিএফ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: