• ঢাকা
  • সোমবার, ৩১ আগষ্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৫ পিএম;
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এ সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

রবিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন গোর।

তিনি বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

গোরের ভাষ্য, ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের এই অর্ডারকে তুলে ধরেছেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্ডারের বাইরে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে ঠিক কতটি উড়োজাহাজ কেনা হবে, এর মোট মূল্য কত এবং কবে নাগাদ এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফলে বাংলাদেশের বিমানবহরে নতুন করে কতটি বোয়িং যুক্ত হতে যাচ্ছে এবং চুক্তিটির আর্থিক পরিমাণ ঠিক কত, তা এখনো স্পষ্ট নয়।

বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য এ বড় অর্ডারকে যুক্তরাষ্ট্রে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত করে দেখছেন মার্কিন কর্মকর্তারা।

সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।

এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন গোর। তাঁর এবারের বক্তব্যের পর বাংলাদেশ-বোয়িং চুক্তির আকার, উড়োজাহাজের সংখ্যা এবং সরবরাহের সময়সূচি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন