• ঢাকা
  • রবিবার, ৩০ আগষ্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দেয়ার অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম;
পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দেয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় রমিজ মৃধা (৩৫) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি চরকচুয়া গ্রামের মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রমিজ মৃধা স্থানীয় বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রমিজের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তার এক হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। এর কয়েকদিন পর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করা হয়। ওই ঘটনার জের ধরে রমিজের ওপর হামলা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ জানান, আহতের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন