সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ
দেশের বর্তমান সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নে সময় না দিয়ে ৬ মাস না পেরোতেই বিরোধী দলের লং মার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার হলেও বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচি আরো কিছুদিন পরে হলে ভালো হতো।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের কর্মসূচির বিষয়ে চিফ হুইপ বলেন, ‘সরকারি দল থেকে রাজপথে তাদের (বিরোধী দল) বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। আমরা মানুষের বিবেকের কাছে বিচার দেব। জনগণ বোকা নয়, তারা সব বোঝে।
ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যায়, তবে মানুষই তা মূল্যায়ন করবে।’
তিনি বলেন, সংসদের আগামী অধিবেশনেই বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে সব দল থেকে আসা নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা এক ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি।গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল এবং দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।’
বিগত সরকারের চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ বলেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া রিপোর্টে বিগত অন্তর্বর্তী সরকারের মাত্র সাত মাসের মাথায় দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল। পরবর্তীতেও বহু কোটি টাকা পাচারের তথ্য বেরিয়ে আসছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজে সাধারণ জীবনযাপনের নাটক করলেও বাস্তবে দেশের চরম ক্ষতি করে গেছেন। একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাস চুক্তি করে জ্বালানি খাতকে চরম সংকটে ফেলে গেছেন।
বিদ্যুৎ খাতের সেই দায়ভার এখন আমাদের বহন করতে হচ্ছে।’
জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, নবায়নযোগ্য শক্তিতে মানুষকে আগ্রহী করতে ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তান সোলার সিস্টেমে যেমন সাফল্য পেয়েছে, আমাদের দেশেও এ উদ্যোগ বাস্তবায়িত হলে দ্রুত জ্বালানি সমস্যা সমাধান সম্ভব।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- লং মার্চ কর্মসূচি
- চিফ হুইপ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: