• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

উত্তাল সাগরে নিরাপদে ফিরছে পাথরঘাটার শতাধিক ট্রলার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম;
উত্তাল সাগরে নিরাপদে ফিরছে পাথরঘাটার শতাধিক ট্রলার

নিজস্ব প্রতিবেদক, লিটু (পাথরঘাটা) :

 

লঘুচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ অব্যাহত বৃষ্টির কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 
আবহাওয়ার এই অবনতিতে গভীর সাগরে থাকা বরগুনার পাথরঘাটার শতাধিক মাছধরা ট্রলার দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে শুরু করেছে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকে পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয়জুড়ে বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের জেলে ও তাঁদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। 
আবহাওয়া পরিস্থিতির অবনতির খবর পেয়ে ট্রলার মালিকেরা তাৎক্ষণিকভাবে সাগরে অবস্থানরত মাঝি-মাল্লাদের উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট, নতুন বাজার খাল, পদ্মা খাল, কাকচিরা খাল, হাজির খাল ও চরদুয়ানী খালসহ বিভিন্ন ছোট-বড় খালে শতাধিক মাছধরা ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে। এছাড়া সাগরে থাকা আরও বেশ 
কিছু ট্রলার দ্রুত নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে উপকূলের দিকে রওনা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আবহাওয়া খারাপ হওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যেসব মাঝি-মাল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাঁদের দ্রুত নিরাপদ
 আশ্রয়ে ফিরতে বলা হয়েছে। তিনি আরও জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি ট্রলার নিরাপদে ঘাটে এসে পৌঁছেছে। সাগরে থাকা বাকি ট্রলারগুলোও রাতের মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে স্থানীয় জেলেরা জানান, উত্তাল সাগর ও দমকা হাওয়ার কারণে মাছ ধরার স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ায় সাগরে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় জীবন বাঁচাতে তাঁরা দ্রুত ঘাটে ফেরার চেষ্টা করছেন।

আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে আশঙ্কায় উপকূলীয় এলাকার জেলেদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে থাকা সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে আবহাওয়া সংকেত মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার ওপর জোর দেওয়া হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন