সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় গ্রেপ্তার ৫
সাভারের পূর্ব শাহিবাগ এলাকায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।
স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুই শিক্ষককে শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে এবং গ্রেপ্তার শিক্ষার্থীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গী এলাকার কিশোর সংশোধন কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
এর আগে তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় গত ২৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার দুই শিক্ষক হলেন ভোলা জেলার শশীভূষণ থানার নয়আনী এলাকার মো. কাবুলের ছেলে জাবের হোসেন (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. কামরুল ইসলাম (২৬)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাটি আলোচনায় এলে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ঢাকা জেলা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সাভার ও আশুলিয়া মডেল থানার পুলিশ এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম গ্রেপ্তারদের অবস্থান শনাক্ত করে। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ভোলার চরফ্যাশন এলাকা থেকে শিক্ষক জাবের হোসেন ও সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।
তিনি বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর পর তদন্তের স্বার্থে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / সাভার (ঢাকা) প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: