মাগুরার মহম্মদপুরে শতবর্ষী নৌকা বাইচ অনুষ্ঠিত
মাগুরার মহম্মদপুরে শতবর্ষী নৌকা বাইচ অনুষ্ঠিত
মেলা দেখতে লাখো মানুষের ঢল
সিনিয়র স্টাফ রিপোর্টার :
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা। মেলা দেখতে কয়েক জেলা থেকে আগত লাখো মানুষের ঢল।
বৃহস্পতিবার ২২অক্টোবর"২৬ বিকেলে মধুমতি নদীর ঝামা ঘাটে এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় একশ বিশ বছর ধরে প্রতিবছর দুর্গাপূজার বিসর্জনের পরদিন এ ঘাটে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এ গ্রামীণ উৎসব।
নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের পাশাপাশি বাইচালদের ‘হেইওরে, হেইওরে’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মধুমতি নদী। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে লাখো মানুষ এই বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। দুপুর হতে না হতেই নৌকা বাইচ ও গ্রামীণ মেলা উপলক্ষে লাখো মানুষের সমাগম ঘটতে থাকে মধুমতি নদীর ঝামা বাজার এলাকায়। মধুমতি নদীর দুই তীরে হয় মানুষের এ মিলন মেলা।
মেলা উপলক্ষে সুদৃশ্য তোরণ, মাছ-মাংসের দোকান থেকে শুরু করে মিষ্টি, চানাচুর, পারিবারিক গ্রামীণ পণ্যের সমাহার, শিশুদের মাটির খেলনা, মেয়েদের প্রসাধনী, নাগরদোলাসহ নানা রকম অনুষঙ্গ। শতবর্ষী এ মেলাকে কেন্দ্র করে কেনাবেচায় মুখর হয় পুরো এলাকা। তবে প্রতি বছরেই এ মেলাকে ঘিরে ক্রেতা-বিক্রেতার লেনদেনে এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। মেলায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন সব শ্রেণির মানুষ।
স্থানীয়দের উদ্যোগে ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার কারণে মেলা জমজমাট হয়ে উঠেছে। প্রাচীন ঐতিহ্যবাহী এ মেলা এ এলাকার অসাম্প্রদায়িক চেতনার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করে এটিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন স্থানীয় আয়োজকরা। আয়োজক কমিটির উদ্যোগে মাাগুরা-২ আসনের সাংসদ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডঃ নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করেন।পরে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন- শতবছরের ও বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী এ মেলা এলাকার সম্প্রীতির মেল বন্ধন আরো বেগবান করবে।সরকার দেশীয় সংস্কৃতি,বা ঐহিত্যবাহী সব কৃষ্টি কালচার গুলোকে পৃষ্টপোষকতার মাধ্যমে পুনরাজ্জীবিত করছে।বাঙ্গালীর ঐতিহ্যবাহী এ সকল উৎসব বেশী বেশী আয়োজনের মধ্যে দিয়ে বাংলার ঐতিহ্যবাহী সংরক্ষণ করা হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: