মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় গ্রেপ্তার ২
মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মামলায় রনি শিকদার ও শামীমা ইয়াসমিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি শহরের তাঁতিপাড়ার মৃত ধীরেন শিকদারের ছেলে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাকের হোসেন। এ ঘটনায় বুধবার রাতে তার স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মধুমিতা সিনেমা হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্তে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।
দ্রুত প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হবে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে শহরের আতর আলী সড়কের একটি বাড়ির দখলস্বত্ব নিয়ে বিরোধের সঙ্গে এ হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: