উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না : রেজাউল করিম বাদশা
অনিয়ম দুর্নীতি ঠেকাতে বিএনপি সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। উন্নয়ন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের বিতর্ক এড়িয়ে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সরকারের কঠোর অবস্থান। কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। আমরা দুর্নীতি করি না, উন্নয়ন কাজের গতি বাড়ান। কাউকে অনিয়ম দুর্নীতি করতে দেব না। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে, শিক্ষার্থীদের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে। শিক্ষার্থীরা যেন পরিবারের দুর্ভোগের কারণ না হয়। শিক্ষার পরিবেশ নিশ্চিত হলে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। ক্যাম্পাসে যেন কোনো অপশক্তি মাথাচাড়া দিতে না পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি শহীদ উন নবী সালাম, ভিপি কেএম খায়রুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ একেএম মঈন উদ্দিন। সাবেক কাউন্সিলর রোস্তম আলী, বিএনপি নেতা আব্দুল খালেক, বগুড়া সদর উপজেলা যুবদল আহ্বায়ক অতুল চন্দ্র দাস, শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: