• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নরসিংদী সদরে প্রাইভেট ক্লিনিকে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকা জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৯ পিএম;
নরসিংদী সদরে প্রাইভেট ক্লিনিকে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদী সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে এবং লাইসেন্স নবায়নসহ বিভিন্ন অনিয়ম নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) নরসিংদী পৌরসভার পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রীন লাইফ (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ এ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। অভিযানে মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকাসহ একাধিক অনিয়ম ও অসংগতি ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এছাড়া হাসপাতালের এক্স-রে কক্ষ সিলগালা করা হয়েছে। আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিল কায়সার খোকন। এ সময় জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, প্যাথলজিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনগণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন