• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতার ভাইকে সার ডিলারশিপ প্রদান, বিএনপি নেতাদের চরম ক্ষোভ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম;
পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতার ভাইকে সার ডিলারশিপ প্রদান, বিএনপি নেতাদের চরম ক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):

 

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতার ভাই কাইউম হোসেন মৃধা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর ভাই আসাদ মৃধা আত্মগোপনে গেলেও, ওই পরিবারের এক সদস্যকে ডিলার নিয়োগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।
 বিএনপির অভিযোগ, অতীতে এই পরিবারের হাতে দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করে দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কাইউম হোসেন মৃধাসহ মোট ১৬ জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাইউমের ভাই আসাদ মৃধা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সূর্যমনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাইউমের বাবা আব্দুর রব মৃধা একসময় নুরাইনপুর বাজারে সারের ব্যবসা করতেন এবং পরবর্তী সময়ে তাঁর ছেলে আসাদও ওই ব্যবসা পরিচালনা করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাদ আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাঁর ভাই কাইউম সারের দোকান পরিচালনা করে আসছেন।

এদিকে কাইউমের ডিলারশিপ পাওয়ার খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, বিগত দিনে ওই পরিবারের সদস্যদের হাতে তারা নানাভাবে নির্যাতিত হয়েছেন। এমন পরিস্থিতিতে ওই পরিবারেরই একজনকে সার ডিলার নিয়োগ দেওয়ায় তারা চরম হতাশ।

 বিএনপির অনেক নেতাকর্মীরা হতাশা প্রকাশ করে বলেন, “ভাবতে কষ্ট হয়, যাকে সারের ডিলার দেওয়া হয়েছে তার ভাই সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এই নিয়োগের ফলে সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। আমরা অবিলম্বে কাইউমের এই ডিলারশিপ বাতিলের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বক্তব্য জানার জন্য কাইউম হোসেন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে, ‘সার ডিলার নিয়োগের নিয়ম-নীতিমালা ২০২৫’ এবং ‘সার ডিলার নিয়োগ ও সমন্বিত সার ব্যবস্থাপনা ২০২৬’ অনুযায়ী ডিলার নিয়োগের জন্য জেলা কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম দফায় বাউফল থেকে ৭৩ জন এবং সময় বাড়ানোর পর দ্বিতীয় দফায় আরও ৩৫ জনসহ মোট ১০৮টি আবেদন জমা পড়ে।

আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য জেলা কমিটি উপজেলা কমিটির কাছে পাঠায়। উপজেলা কমিটি বিধি অনুযায়ী সরেজমিনে তদন্ত শেষে তা পুনরায় জেলা কমিটিতে পাঠায়। পরবর্তীতে জেলা কমিটি প্রতিটি ইউনিয়ন থেকে ৩ জন করে প্রার্থী সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায় এবং সেখান থেকে ইউনিয়নভিত্তিক একজন করে মোট ১৬ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন