• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

টাইগারকে হামলার পর ভারী অস্ত্রধারী কমান্ডোর পাহারায় সালমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৪ পিএম;
টাইগারকে হামলার পর ভারী অস্ত্রধারী কমান্ডোর পাহারায় সালমান

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার ভারী অস্ত্রধারী কমান্ডোদের পাহারায় দেখা গেল অভিনেতা সালমান খানকে। গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের ওপর প্রাণঘাতী হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরে কড়া নিরাপত্তাবেষ্টনীতে হাজির হন বলিউডের ‘ভাইজান’।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সালমানের চারপাশে ছিলেন স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত বিশেষ নিরাপত্তা ইউনিটের কমান্ডোরা। গাঢ় খয়েরি বা নীল রঙের শার্ট, ডেনিম জিন্স, কালো বুট ও অ্যাভিয়েটর সানগ্লাসে অভিনেতাকে বেশ সতর্ক অবস্থায় দেখা যায়। তার নিরাপত্তায় বাড়তি এই কড়াকড়ি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে অব্যাহত হুমকির কারণে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

টাইগার শ্রফের ওপর হামলার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে সালমানের নিরাপত্তাব্যবস্থায় বাড়তি সতর্কতা নজর কেড়েছে সবার।

হামলার ঘটনার পর টাইগার শ্রফের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তারকাদের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ও পর্যালোচনার পর চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের নিরাপত্তাব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

এর পরই তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের তৎপরতা আলোচনায় এসেছে।

উল্লেখ্য, টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম জড়িয়ে নতুন করে হুমকি আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। হামলার পর গ্যাংয়ের দুই সহযোগী অনিল পণ্ডিত ও হারমান সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করে।

ওই পোস্টে তারা লেখে, ‘আজ টাইগার শ্রফের সঙ্গে হওয়া ঘটনার দায় অনিল পণ্ডিত ও হারমান সান্ধু নিচ্ছি।

আমরা তাকে আগে ফোন করে সতর্ক করেছিলাম, কিন্তু সে বোঝেনি; তাই আজ তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো।’

এদিকে, মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনটির পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে শহরে একের পর এক হামলার ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে তারকাদের সুরক্ষায় প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন