আত্রাইয়ে উদ্ধার হয়নি শিক্ষকের চুরি যাওয়া ৩টি গরু গোয়াল ঘরের দরজা ভেঙ্গে আরো ৩টি গরু চুরি
(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এবার দুলাল হোসেন নামে এক কৃষকের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার প্রথম প্রহরে উপজেলার হিসাবদিনগর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত ২অক্টোবর রাতে একই এলাকার মস্কিপুর বাজার এলাকা থেকে আনিছার রহমান নামে এক শিক্ষকের গোয়াল ঘরের ইট খুলে প্রায় পৌনে দুই লাখ টাকা দামের তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
এঘটনার ১৭দিন অতিবাহিত হলেও গরুগুলো উদ্ধার কিম্বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে নতুন করে আবারো গরু চুরির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
হিসাবদিনগর গ্রামের ওয়ালুল ইসলামের ছেলে গরুর মালিক কৃষক দুলাল হোসেন জানান,রোববার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তিনটি গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত ২টা নাগাদ ঘুম থেকে ওঠে গোয়াল ঘরে কয়েল ধরিয়ে দিয়ে আবারো ঘুমিয়ে পরি। এর প্রায় ঘন্টাখানেক পরে শব্দ পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখি দরজা ভেঙ্গে চোরেরা তিনটি গরুই চুরি করে নিয়ে গেছে।
সাথে সাথে লোকজন ডেকে মোটরসাইকেল নিয়ে ছুটাছুটি করেও কোন সন্ধান মেলাতে পারিনি। চুরি যাওয়া গরু তিনটির মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা হবে বলে জানান দুলাল হোসেন।
এর আগে গত ২অক্টোবর রাতে একই এলাকার মস্কিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে শিক্ষক আনিছার রহমানের প্রায় পৌনে দুই লাখ টাকা দামের তিনটি গরু চুরির ঘটনা ঘটে। শিক্ষক আনিছার রহমান জানান,গরু চুরির ঘটনায় পরের দিনই থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু গত ১৭দিনেও গরু গুলো উদ্ধার কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে বেশ হতাশায় পরেছেন বলে জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,গরু চুরির ঘটনায় সোমবার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ অনুসন্ধান চলছে। এছাড়া এর আগে শিক্ষক আনিছার রহমানের চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: