সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের
সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা করা হয়েছে। এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনো কারাবন্দি আছেন, আর অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।
সম্পাদক পরিষদ জানিয়েছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। তবে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একাধিকবার বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছিল যে মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও আশ্বাস পাওয়া গেছে, দুঃখজনকভাবে এ বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি।
নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদের জোরাল আহ্বান, তারা যেন বিষয়টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার, এবং এই প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সাংবাদিকদের* বিরুদ্ধে,মিথ্যা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: