• ঢাকা
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কণ্ঠস্বর: জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আইরিন খান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৫ এএম;
বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কণ্ঠস্বর: জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আইরিন খান

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। মানবাধিকার, আইনের শাসন এবং আন্তর্জাতিক কূটনীতিতে চার দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্বের নিয়োগকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আইরিন খান বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর ইতিহাসে প্রথম নারী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার আওতায় মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার কর্মজীবনের সূচনা ১৯৮০ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR)-এ। প্রায় দুই দশক তিনি ভারত, পাকিস্তান, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বলকান অঞ্চলের শরণার্থী সংকট মোকাবিলায় দায়িত্ব পালন করেন। বলকান যুদ্ধ এবং ম্যাসিডোনিয়ার শরণার্থী সংকটের সময় তার নেতৃত্ব আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।

পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি রোমভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশন (IDLO)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সংস্থারও তিনি ছিলেন প্রথম নারী প্রধান।

শিক্ষাজীবনে আইরিন খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং হার্ভার্ড ল’ স্কুলে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব স্যালফোর্ডের উপাচার্য এবং যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (SUNY)-এর ল’ স্কুলে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে সিডনি পিস প্রাইজ অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

উল্লেখ্য, আইরিন খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের চাচাতো বোন হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি মূলত একজন স্বতন্ত্র মানবাধিকার বিশেষজ্ঞ, কূটনীতিক ও আন্তর্জাতিক নীতিনির্ধারক হিসেবে সুপরিচিত।

সংশ্লিষ্টদের মতে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের নিয়োগ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের কণ্ঠস্বরকে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন