থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা পুলিশ উপপরিদর্শক চাঁদ মিয়ার সহধর্মিনী ফরিদপুর জেলা জজ আদালতে কর্মরত পুলিশ উপপরিদর্শক (এসআই) চায়না পারভিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর-জয়নগর সড়কের ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় কাইয়ুম খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে এসআই চাঁদ মিয়া তাঁর ছোট ভাই বকুল ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ব্যাসপুর এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই একটি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে চায়না পারভিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এসআই চাঁদ মিয়া ও তাঁর ছোট ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে বকুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর অথবা ঢাকাতে নেওয়া হচ্ছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চায়না পারভিনের আকস্মিক মৃত্যুতে বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুরে শ্যামল সাহার ইট ভাটা এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: