• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১২ পিএম;
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন

স্ত্রীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে আকুতি জানানো ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। ওই দিন বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘নূরজাহান বেগম আমার ওয়ার্ডের একজন বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে তিনি চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী ছিলেন। আর্থিক সংকটের কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি। অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে গিয়ে নিজেও নানা সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হতো এই দম্পতিকে।

প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে সাজু শেখ ও নূরজাহান বেগমের তিন মেয়ে ও তিন ছেলে রয়েছে। মেয়েদের সবার বিয়ে হয়েছে। তবে সন্তানদের কাছ থেকে নিয়মিত সহায়তা পেতেন না তারা। তিন ছেলের একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝেমধ্যে খোঁজখবর নিতেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে এক-দুবার বাড়িতে আসেন।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তাদের অসহায়ত্বের সেই দৃশ্য ব্যাপকভাবে আলোচনায় আসে এবং অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।

তবে সহায়তা পাওয়ার পরও বার্ধক্য, অসুস্থতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই থামেনি এই দম্পতির। শেষ পর্যন্ত জীবনসঙ্গীকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়লেন বৃদ্ধ সাজু শেখ।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে বৃদ্ধ এই দম্পতিকে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। একইসঙ্গে তাদের জন্য থাকার একটি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটিকে সহযোগিতা করেছে। বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন