• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গলাচিপায় মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩০ পিএম;
গলাচিপায় মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি

নির্মলেন্দু সরকার, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী। এ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। দেবীর চরণে অঞ্জলি দিয়ে দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনা করেন ভক্তরা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবীর মহাষ্টমীর কল্পারম্ভ ও অষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা উপবাস থেকে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেন। এ সময় অনেকে নিজের ও পরিবারের মঙ্গল, সুখ-সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের প্রার্থনা করেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাষ্টমী দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এ দিনে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মহাষ্টমীর অন্যতম আকর্ষণ সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, সন্ধিপূজায় ১০৮টি পদ্মফুল ও ১০৮টি প্রদীপ অর্পণ করা হয়। এ সময় বিশেষ পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে দেবীর আশীর্বাদ কামনা করেন ভক্তরা।
প্রতি বছর শরৎকালে দেবী দুর্গার আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। তাদের বিশ্বাস, দেবী দুর্গা ধরায় এসে সব দুর্গতি নাশ করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশা নিয়েই গলাচিপার পূজামণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন