বাউফলে বকেয়া বিল আদায়ে গিয়ে পল্লীবিদ্যুতের ২ কর্মী মারধরের শিকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে পল্লী বিদ্যুতের এক প্রকৌশলী ও এক জ্যেষ্ঠ লাইনম্যান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা অভিযোগ করেছেন, তাদের মোটরসাইকেলের চাবি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রাসেল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালিশুরী পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের প্রকৌশলী গোলাম আযম খান ও লাইনম্যান (গ্রেড-১) মো. রানা।
ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার দুপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য তারা কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রাসেল মেম্বার, অটোরিকশাচালক জাহিদ হোসেন রাঢ়ীসহ তিন গ্রাহকের বাড়িতে যান। অটোরিকশাচালক জাহিদ হোসেন রাঢ়ীর বাড়িতে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রথমে খুঁটি থেকে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তারা পাশের রাসেল মেম্বারের বাড়িতে যান।
এ সময় অটোরিকশাচালক জাহিদ হোসেন রাঢ়ীর নেতৃত্বে চার থেকে পাঁচজন কাঠের রোলার ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর ও ঘুষি মেরে আহত করেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলের চাবি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
পরে স্থানীয় লোকজন আহত দুই বিদ্যুৎকর্মীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
কালিশুরী পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মশিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
আহত প্রকৌশলী গোলাম আযম খান বলেন, ‘বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে আমরা দুজন আহত হয়েছি।’
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল বিকেলে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: