ভোটের দিন দূরপাল্লার বাস চলাচল করবে কি না, জানালেন মালিক সমিতি
জাতীয় নির্বাচনের আগের দিন, ১১ ফেব্রুয়ারি, দেশের সব দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন, ১২ ফেব্রুয়ারি, অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ রবিবার (৮ ফেব্রুয়ারি) জানান, “১১ তারিখে বাস চলবে। এখনো সেই দিনের টিকিটের চাহিদা খুব বেশি দেখা যায়নি। ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য প্রচুর চাপ থাকতে পারে।”
তিনি আরও বলেন, “ভোটের দিন বাস চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ কর্মী ছুটি নিয়েছেন। ভোট শেষে রাতের দিকে সার্ভিস পুনরায় চালু হতে পারে।”
অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে।
তবে জরুরি সেবা, সংবাদপত্র ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহনসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে চলাচল শিথিল থাকবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে পারবেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ভোটেরদিন* দূরপাল্লার,বাস
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: