• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নগরকান্দার পরী বেগম হারিয়ে যাওয়ার ৫০ বছর পর ভাইদের ফিরে পেলেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫২ পিএম;
নগরকান্দার পরী বেগম হারিয়ে যাওয়ার ৫০ বছর পর ভাইদের ফিরে পেলেন

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

নগরকান্দা থেকে ৫০ বছর পূর্বে হারিয়ে যাওয়া ১০ বছরের পরী বেগম সন্ধান পেলেন ভাইদের। 

ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা পরী বেগম। মাত্র ১০ বছর বয়সে পরিবারের কাছ থেকে হারিয়ে যান। এরপর মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে ঠাঁই হয় পাকিস্তানে। সেখানেই কেটে যায় জীবনের দীর্ঘ প্রায় ৫০ বছর।

পাকিস্তানে গড়ে ওঠে সংসার, জন্ম নেয় সন্তান। কিন্তু শৈশবের স্মৃতি মন থেকে মুছে যায়নি। জন্মদেশের আপনজনদের মুখগুলো ভোলেননি তিনি। ভাগ্যের চাকায় ঘুরতে ঘুরতে অবশেষে ৬০ বছর বয়সে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে ভাইদের সঙ্গে মিলিত হয়েছেন পরী বেগম।

প্রায় ১৫ দিন আগে এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন পরী বেগম। দীর্ঘ ৫০ বছর পর তার ফিরে আসার খবরে নগরকান্দায় তার পৈতৃক বাড়িতে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারে চলছে নানান আয়োজন। আত্মীয়-স্বজনের পাশাপাশি আশপাশের প্রতিবেশীরাও তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন।

পরী বেগমকে ফিরে পাওয়ার আনন্দে মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া বোনকে কাছে পাওয়ায় পুরো পরিবারে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। 

হারিয়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ দশক পাকিস্তানে বসবাস। যে কারণে বাংলা ভাষা অনেকটা ভুলে গেছেন এই নারী। দেশে ফিরে নিজের ভাইদের সামনে বসেও বাংলায় মনের কথা প্রকাশ করতে পারছেন না। কথা বলছেন উর্দুতে। তবে ভাষার এই ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি ভাই-বোনের পুনর্মিলনে। দীর্ঘ বিচ্ছেদের পর একে অপরকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

পরী বেগম ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমিন মাতুব্বরের মেয়ে।

স্বজনদের তথ্যমতে, প্রায় ৫০ বছর আগে মাত্র ১০ বছর বয়সে নিখোঁজ হন পরী বেগম। পরে মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রথমে ভারত এবং সেখান থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে। পাকিস্তানে কয়েক দফা হাতবদলের পর নিঃসন্তান এক দম্পতির আশ্রয়ে যান পরী বেগম। ওই দম্পতি তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালন করেন। পরবর্তী সময়ে পাকিস্তানের এক নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন