• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম;
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি:

 

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ  (১২ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কন্যাশিশুরা আজকের দিনে কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। তাই বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করে কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস.এম. ফজলুল করিম।

এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সমাজ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বিত সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন