মাগুরায় পুলিশ সদস্যকে মারধর, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক ছাত্রদল নেতা
পুনরুত্থান ডেস্ক :
মাগুরা শহরে পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর করা ছাত্রদলের সাবেক এক নেতাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে মারধরের ঘটনার পর রাতে তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
ছাড়া পাওয়া নাইমুজ্জামান নয়ন মাগুরা জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা।
শারীরিক নির্যাতনের শিকার মো. ইমরান হোসেন মাগুরা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন। মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকালে ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় জুলাই-অগাস্ট শহীদ বেদিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করে কট্রোল রুমে ফিরছিলেন কনস্টেবল ইমরান। পথে নয়ন প্রাইভেট কার চালিয়ে আসার সময় পেছন থেকে হর্ণ দেন।
এ সময় সড়কের বাম দিকে জায়গা না থাকায় ইমরান সেখানে মোটরসাইকেল থামাতে বাধ্য হন। অন্যদিকে নয়ন প্রাইভেট কার থেকে নেমেই সাইড না দেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া মাগুরা পুলিশের উপ-পরিচারক মাসুদ হোসেন ও শরিফ হোসেন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এবং ইমরানকে নিয়ে শহরের ভায়নার দিকে মোটরসাইকেলে যেতে থাকেন।
অন্যদিকে নয়ন তাদের পিছু নিয়ে প্রাইভেটকার মহাসড়কে দাঁড় করিয়ে তাদের গতিরোধ করেন। এ সময় তাদের মধ্যে আবার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরামকে মাথার পেছনে চড়-থাপ্পড় মারেন নয়ন।
পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে নয়নকে আটক করে থানায় নেয় পুলিশ। পরবর্তীতে রাতেই মুচলেকা নিয়ে নয়নকে ছেড়ে দেয় হয়।
ভুক্তভোগী ইমরান হোসেন বলেন, “এক রকম বিনা কারণেই আমি মারধরের শিকার হয়েছি। নয়ন মাইক্রোবাস স্ট্যান্ডে আমাদের গালি-গালাজসহ অসাদাচরণ করেন। এমনকি আমাদের তিন পুলিশ সদস্যকে মাইক্রোবাস সমিতির অফিসে আটকে রাখার হুমকি দেওয়া হয়। এ ছাড়া আমরা তার কিছুই করতে পারব না বলে হুমকি দেন।”
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনা পরপরই নয়নকে আটক করা হয়েছিল। পরে মুচলেকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছি না।”
এ বিষয়ে জানতে সাবেক ছাত্রদল নেতা নয়নকে ফোন করা হলে তিনি ধরেননি।
সুত্র : মাছরাঙ্গা টিভি
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: