• ঢাকা
  • রবিবার, ৩০ আগষ্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার তালতলীতে ধান রোপণের সময় দিনমজুরের মৃত্যু, হিটস্ট্রোকের আশঙ্কা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৩ এএম;
বরগুনার তালতলীতে ধান রোপণের সময় দিনমজুরের মৃত্যু, হিটস্ট্রোকের আশঙ্কা

বরগুনার তালতলীতে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে জমিতে ধান রোপণের কাজ করার সময় শামসুল হক (৪৫) নামে এক দিনমজুরের আকস্মিক মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।

গত শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুল হক উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি বর্তমানে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় কুজানপাড়া এলাকায় বসবাস করতেন। পেশায় দিনমজুর শামসুল হকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী তানিয়া বেগম সন্তানসম্ভবা।

সহকর্মী দিনমজুর ইব্রাহিম জানান, বড় ভাইজোড়া এলাকার কৃষক সালাম হাওলাদারের জমিতে দৈনিক ৯৫০ টাকা মজুরিতে সাতজন শ্রমিক ধান রোপণের কাজ করছিলেন। সকালে তাঁরা কাজে যোগ দেন। সকাল সাড়ে ১১টার দিকে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন শামসুল হক।

পরে সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা করে শামসুল হককে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম হাসপাতালে যান। তিনি জানান, মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে ওই দিনমজুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শামসুল হকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানসম্ভবা স্ত্রী ও দুই সন্তানকে রেখে তাঁর চলে যাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন