• ঢাকা
  • শনিবার, ১৪ ফেরুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ এএম;
শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ অনুষ্ঠানের আয়োজন করতে দিনভর বৈঠক করেন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয় অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা। 

বিশেষ করে প্রটোকল ও নিরাপত্তা থেকে শুরু করে অতিথি সেবা এবং প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করতে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা যেৌথভাবে কাজ করছে।

 

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচিত সংসদ-সদস্যদের নির্বাচিত হওয়ার বিষয়ে গেজেট প্রকাশ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শের পর শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি হবে। 

তবে নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য কে পড়াবেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে আজ সংসদ সচিবালয়ের সচিব কানিজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি, যা আমাদের সাধারণ দায়িত্বও বটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরেই শপথ অনুষ্ঠান হবে।’

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী সোমবার তিনি শপথবাক্য পাঠ করাতে পারেন। 

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে স্পিকারের পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শপথ করাতে পারেন। 

সংবিধানের ১৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী সাধারণত বিদায়ি স্পিকার নতুন সংসদ-সদস্যদের শপথ পাঠ করান। তবে ১৪৮(২ক) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ান, তবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই দায়িত্ব পালন করতে হবে। 

 জুলাই অভ্যুত্থানের পরে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকারের পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি রয়েছেন। ফলে শপথ বাক্য কে পড়াবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন