• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হাসপাতালে নেওয়ার পথে অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৫ পিএম;
হাসপাতালে নেওয়ার পথে অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

সৌমিত্র সুমন,নিজস্ব প্রতিবেদক(পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের মারধরের সময় সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও বাবাকেও মারধর করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর গর্ভপাত হয় এবং কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানিয়া বেগম (২৫) উপজেলার বেতমোর গ্রামের বাসিন্দা। এ সময় তার স্বামী হাবিব পাহলান (৪৫) ও বাবা দুলাল হাওলাদার (৫৫) সঙ্গে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব পেশায় একজন অটোরিকশাচালক। রাত ৮টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় সড়কের ওপর সোহাগ (২০), মামুন ও শাওন সিকদার (২২) দাঁড়িয়ে থাকায় অটোরিকশা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এ সময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাঁড়াতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা হাবিব ও দুলালকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। স্বামী ও বাবাকে রক্ষা করতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, ঘটনার পর তাদের প্রায় দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রবেশের সময় তানিয়ার গর্ভপাত হয়। পরে নবজাতকটির মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন