• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় ভোট, সেপ্টেম্বরে তফসিল!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম;
নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় ভোট, সেপ্টেম্বরে তফসিল!

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পরপরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা যাবে—এমন প্রস্তুতি রাখতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কমিশনারকেও কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফসিল দিতে পারবো।’

তবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, আইনি সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে বলে জানান সিইসি।

স্থানীয় সরকার নির্বাচনের ভোট ডিসেম্বরের দিকে আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিইসি। শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিক থেকেই নির্বাচন শুরু করার বিষয়টি বিবেচনা করা হবে।

সিইসি বলেন, এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে। কারণ, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনি সময়সীমা রয়েছে। তবে সামনে রমজান, ঈদুল আজহা ও বর্ষাকাল থাকায় সময়ের সুযোগ সীমিত।

সংশ্লিষ্ট একটি আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান সিইসি। তাই স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যাতে উপনির্বাচনের সময়সূচির সংঘাত না হয়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

উপকূলীয় ও দুর্গম এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যেসব নির্বাচন আগে আয়োজনের আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ৩৭১টি ইউনিয়ন পরিষদও অগ্রাধিকার তালিকায় রয়েছে।

হিল রিজিয়ন বা দুর্গম এলাকায় নির্বাচন পড়লে শুকনো মৌসুমে তা আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

সিইসি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে আয়োজন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও একই মান বজায় রেখে কাজ করতে চায় নির্বাচন কমিশন।

তিনি বলেন, কমিশন পেশাদারিত্ব, স্বাধীনতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে চায়। প্রতিটি পদক্ষেপ যাতে বিশ্বাসযোগ্য হয়, সেভাবেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিইসির দাবি, স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী নির্বাচনগুলোর জন্য কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রেখে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন