• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

হাসপাতালে ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৭ পিএম;
হাসপাতালে ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবহৃত কক্ষ থেকে ১৫টি সিলিং ফ্যানসহ লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখ নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তিনি বোয়ালমারী পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ ও প্রস্তাবিত উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজাউল হক শেখের ছেলে।

গতকাল রবিবার বিকালে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালত এ রায় দেন। পরে দণ্ডপ্রাপ্ত মান্নাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে হাসপাতালের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অব্যবহৃত ক্যানটিন কক্ষের তালা ভেঙে এসব মালামাল চুরি করেন মান্না। তিনি পেশায় একজন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক। পরদিন শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় মান্নাকে শনাক্ত করে পুলিশ। পরে তিনি আত্মগোপনে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের পর উদ্ধার করা মালামালসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল এলাকায় অবস্থানকারী বেসরকারি অ্যাম্বুলেন্সচালকদের কেউ কেউ এসব ঘটনায় জড়িত থাকতে পারেন বলেও দাবি তাদের। তবে এ অভিযোগের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন