• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে আসছেন তারেক রহমান, সকল প্রস্তুতি সম্পন্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম
ফরিদপুরে আসছেন তারেক রহমান, সকল প্রস্তুতি সম্পন্ন

ফরিদপুরে আসছেন তারেক রহমান, সকল প্রস্তুতি সম্পন্ন

ফরিদপুর জেলা প্রতিনিধি :

প্রথমবার ফরিদপুর আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সফর সঙ্গী থাকবেন তাঁর পরিবারের কয়েকজন সদস্য। তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

তাঁর আগমন এবং জনসভা ঘিরে জনতার ঢল নেমেছে ফরিদপুরে। পুরো জেলাজুড়ে চারিদিকে শুধু লোকে লোকারণ্য। সকাল থেকে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।

দলের পতাকা হাতে, কেউ পতাকা সংবলিত টুপি পরে, আবার কেউ কেউ গায়ে ধানের শীষ জড়িয়ে সমাবেশ স্থলে এসেছেন। 

শরিয়তপুরের জাজিরা এলাকা থেকে আজ ভোরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে এসেছেন এক ব্যক্তি। তারেক রহমানকে সভামঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে এবং তার কথা শুনতেই কাকডাকা ভোরে তিনি মাঠে ঢুকেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন। ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কাণ্ডারী তারেক রহমানকে দেখার সুযোগ চান তিনি। তিন হলেন, শরিয়তপুরের শফিক মন্ডল। এবার এসেছেন নতুন সাজে সজ্জিত হয়ে, সারা শরীর ধানের শীষে ঢেকে। 

নির্বাচনি প্রচারণার শেষ পর্যায়ে প্রথমবারের মতো ফরিদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

 

বুধবার বিকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জানা গেছে, তারেক রহমান আজ সকালে ঢাকা থেকে আকাশ পথে বরিশালে নির্বাচনি জনসভা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুরে পৌঁছাবেন। সেখান থেকে তাঁকে সুসজ্জিত মোটর শোভাযাত্রা করে রাজেন্দ্র কলেজ মাঠে নেওয়া হবে। জনসভা শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। এরই মধ্যে জনতার মিছিল আসতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে। 

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। 

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ।

 

 
 
 

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন