কাল বোয়ালমারীতে আসছেন জামায়াত আমির , প্রস্তুতি শেষ দিকে
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
কাল বোয়ালমারীতে আসছেন জামায়াত আমির। জামাত আমিরের আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি শেষের দিকে, জানালে দলীয় সুত্র।
ফরিদপুরের বোয়ালমারীতে এই প্রথম আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে মঞ্চ নির্মাণ, মাইকিংসহ সার্বিক প্রস্তুতির কাজ শেষের দিকে ।
আগামীকাল শুক্রবার (৬ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৪টায় তিনি স্টেডিয়াম মাঠে জনতার উদ্দেশে বক্তব্য রাখবেন। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত নির্বাচনি সমাবেশকে ঘিরে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীসহ আশপাশের উপজেলা থেকে দলীয় নেতাকর্মী ও মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। কখন আসবেন জামায়াত আমির, এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলও চোখে পড়ার মতো।
বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘বোয়ালমারীর ইতিহাসে এই প্রথম জামায়াতের আমির আসছেন। আমরা আশা করছি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশটি সম্পন্ন হবে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আমাদের বিশ্বাস।’
এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও তৎপর রয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি থাকবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘আজ বেলা ৩টায় আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় মহাসমাবেশ ঘিরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- কাল* বোয়ালমারীতে,আসছেন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: