পটুয়াখালীতে ১০০ তরুণকে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনে প্রশিক্ষণ
পটুয়াখালীর শিক্ষিত ও বেকার তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে তিন মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় জেলার ১০০ জন তরুণকে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশন বিষয়ে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের মিঠাপুকুর পাড়, টাউন স্কুল রোড, পুরান বাজার এলাকায় Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর কার্যালয়ে এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনের প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, অনলাইনভিত্তিক কাজ ও আত্মকর্মসংস্থানের জন্য তাঁদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পটুয়াখালীর জেলা আইসিটি কর্মকর্তা সবুজ তালুকদার এবং Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তক চ্যাটার্জী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান কর্মবাজারে ডিজিটাল দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় প্রশিক্ষিত করা গেলে তাঁদের জন্য চাকরি, ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি তরুণদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকদের আশা, তিন মাসের প্রশিক্ষণ শেষে ১০০ জন তরুণ ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মজীবনে তা কাজে লাগাতে পারবেন। এর মাধ্যমে পটুয়াখালীতে দক্ষ ও প্রযুক্তিনির্ভর তরুণ জনশক্তি তৈরির পথ আরও সুগম হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: