স্বামী-ইমাম হারানো দুই পরিবারের পাশে সৌদি প্রবাসী, মাসে ৮ হাজার টাকা সহায়তা
স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়া সাথী বেগম এবং নামাজরত অবস্থায় মারা যাওয়া ইমাম আতাউল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী হাসান মাহমুদ। মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবার দুটিকে প্রতি মাসে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অক্টোবর মাসের অগ্রিম সহায়তার অর্থ দুই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী।
জানা গেছে, পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের রাজ্জাক হাওলাদারের ছেলে সৌদি আরব প্রবাসী হাসান মাহমুদের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। অক্টোবর মাসের অগ্রিম সহায়তা প্রদানের মধ্য দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়। এখন থেকে প্রতি মাসে সাথী বেগমের পরিবারকে চার হাজার টাকা এবং ইমাম আতাউল্লাহর পরিবারকে চার হাজার টাকা করে দেওয়া হবে।
স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে সাথী বেগমের পরিবার বর্তমানে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। অপরদিকে, নামাজরত অবস্থায় ইমাম আতাউল্লাহর মৃত্যুর পর তাঁর পরিবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এমন সময়ে নিয়মিত আর্থিক সহযোগিতা পরিবার দুটির জন্য কিছুটা স্বস্তি ও নিরাপত্তা বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিয়মিত এই সহায়তা পেয়ে দুই পরিবারের সদস্যরা সৌদি প্রবাসী হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, মাসিক এই সহযোগিতা তাদের সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।
স্থানীয়রা বলেন, প্রবাসে থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাঁদের।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: