‘হত্যা করা হবে, সময় ১৫ দিন’— বিএনপি কার্যালয়ে চিরকুট ঘিরে নেতাকর্মীরা আতঙ্কে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অজ্ঞাত চিরকুট ফেলে রেখে দলের চারজন স্থানীয় নেতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো খামের ভেতর থেকে চিঠিটি উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে আলামত হিসেবে চিঠিটি জব্দ করেছে।
উদ্ধার হওয়া চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন’।
ওই চিঠিতে যাদের নাম লেখা হয়েছে তারা হলেন— রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করার সময় কর্মী মোজাম্মেল হক মোজাম একটি খাম পান। খামটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা একটি চিরকুট দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
হুমকির বিষয়ে রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘লাল কালি দিয়ে হুমকি দেওয়াটা রক্তের সংকেত বা ভীতি ছড়ানোর উদ্দেশ্যে করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। ঘটনাটি হালকাভাবে দেখার সুযোগ নেই; আমরা দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ বলেন, এর আগে কখনও এমন হুমকি বা চিঠির মুখোমুখি হতে হয়নি। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে। এলাকাটিতে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। ঘটনাটির পেছনে কারা জড়িত এবং এটি কোনো ধরনের নামসর্বস্ব হুমকি নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: