• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেরুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর ও ভোট কেন্দ্র


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৮ পিএম;
ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর ও ভোট কেন্দ্র

আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট দেওয়ার আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা থাকা জরুরি। অনেকেই এনআইডি নম্বরকে ভোটার নম্বর মনে করেন, কিন্তু বাস্তবে এই দুটি আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে ভোটকেন্দ্রে গিয়ে তথ্য খুঁজতে অতিরিক্ত সময় লাগতে পারে।  

নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে। নিচে চারটি উপায় তুলে ধরা হলো—

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

২. হটলাইন নম্বর ১০৫

যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকে।

৩. এসএমএসের মাধ্যমে

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> এনআইডি নম্বর। এরপর এটি ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে তথ্য খোঁজা যাবে। সেখানে এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখা যায়।

ভোটের দিন ঝামেলা এড়াতে আগেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জেনে রাখা ভালো।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন